
রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের ঘটনায় আলোচনায় আসা কথিত রুশ-বাংলা মডেল মনিকা কবির–কে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১১ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, অনতিবিলম্বে এ ধরনের অশালীন কনটেন্ট তৈরি থেকে বিরত থাকতে হবে এবং ভাইরাল হওয়া ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নিতে হবে। পাশাপাশি মনিকা কবিরের বাংলাদেশে অবস্থান সংক্রান্ত তথ্য—তার বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট আছে কি না—সেটিও উপস্থাপন করতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে তার বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ ১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গত মঙ্গলবার গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন মনিকা কবির। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন তিনি। এ সময় এক পথচারী পাশ দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকালে তিনি ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিকে মারধর করেন। পরে তাকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতেও দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি যাচাই-বাছাই করতে পারে।



