
নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হয়ে সাধারণ রোগীদের খাবার খেয়ে প্রশংসায় ভাসছেন ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
নওগাঁ-২ (ধামইরহাট–পত্নীতলা) আসনের এই সংসদ সদস্য কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশীষ কুমার সরকার জানান, গত সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এমপি এনামুল হক জরুরি বিভাগে আসেন।
তিনি গ্যাস্ট্রিক ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি ভর্তি হন এবং দুপুর পর্যন্ত সেখানে চিকিৎসাধীন ছিলেন। এ সময় হাসপাতালে রোগীদের জন্য সরবরাহ করা সাধারণ খাবারও গ্রহণ করেন।
ডা. আশীষ কুমার সরকার বলেন, সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নেন, তাহলে সাধারণ মানুষের মধ্যেও সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা বাড়বে।
এ বিষয়ে এনামুল হক বলেন, চাইলে তিনি বড় কোনো হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে পারতেন। তবে এলাকার মানুষ যেখানে চিকিৎসা নেন, সেখানেই চিকিৎসা নিতে চেয়েছেন। তার মতে, সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিক হলে ভালো সেবা দেওয়া সম্ভব।
এদিকে হাসপাতালে বেডে বসে সাধারণ খাবার খাওয়ার তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রশংসা শুরু হয়। অনেকেই মনে করছেন, জনপ্রতিনিধিদের এমন উদ্যোগ সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



