‘প্রতিশ্রুতি থেকে সরব না, যুদ্ধের জেরে কিছুটা সময় লাগবে’

কোনো পরিস্থিতিতেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসা হবে না, এ দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের কারণে কিছু কিছু অঙ্গীকার বাস্তবায়নে সাময়িকভাবে সময় বেশি লাগতে পারে, তবে সরকার সেই কাজ ধৈর্য এবং পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করবে।
মঙ্গলবার (১০ মার্চ) মহাখালীর কড়াইলে অনুষ্ঠিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিএনপি সরকারের নির্বাচনি অঙ্গীকার পূরণে এই কর্মসূচি শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ সরকারের কাছে যে প্রত্যাশা রাখে, তা বোঝার জন্য সরকার সর্বদা সজাগ। দেশের জনগণের আশা ও বাস্তবতার মধ্যে সমন্বয় রেখে সরকার এগিয়ে যাচ্ছে। বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনা করলেও, সরকারের দেওয়া প্রতিশ্রুতি থেকে কোনো অংশে সরে আসা হবে না। হয়তো কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে, তবে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হবে।
প্রধানমন্ত্রী জনগণকে অনুরোধ করেন, ধৈর্য্য ধরে পরিস্থিতির মোকাবিলা করা হোক এবং দেশ গড়ার কাজ সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হোক। তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী, এবং তাদের শিক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
তিনি উল্লেখ করেন, বিএনপি সরকারের আগে বেগম খালেদা জিয়ার সময়ে নারীদের জন্য স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যায়ের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা ছিল। সেই শিক্ষিত নারীদের আজকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী নারীর ক্ষমতায়ন ও স্বচ্ছলতা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে দেশের সকল নারী প্রধান পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জোবাইদা রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরু হয় কোরআন, বেদ, ত্রিপিটক ও বাইবেল পাঠের মাধ্যমে, পরে বিএনপি দলীয় সংগীত পরিবেশ করা হয়। ফ্যামিলি কার্ডের কার্যক্রম তুলে ধরতে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
সমাজকল্যাণমন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন বক্তব্য দেন, এরপর জাতীয় সংগীত পরিবেশ করা হয়। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর হাতে থাকা ল্যাপটপের একটি বাটন চাপার সঙ্গে সঙ্গে উপকারভোগীদের হাতে নগদ অর্থ চলে আসে, যা অনুষ্ঠানের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।



