
বরিশাল ও ঝালকাঠি বাস শ্রমিকদের দ্বন্দ্বের জেরে বরিশাল–ঝালকাঠি রুটে অনির্দিষ্টকালের জন্য সরাসরি বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
সোমবার (৯ মার্চ) ঝালকাঠি শ্রমিক ইউনিয়ন-এর সিদ্ধান্তে এ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল থেকে রুপাতলী বাস টার্মিনাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিষয়টি সমাধানে ট্রাফিক পুলিশের একটি প্রতিনিধি দলের সঙ্গে উভয় পক্ষ বৈঠক করে।
হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রী, কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা বিপাকে পড়েন। যাত্রী মুনসুর হাওলাদার বলেন, আত্মীয়ের জানাজায় যাওয়ার জন্য বের হয়ে বাস না পেয়ে এখন তাকে কালিজিরা ব্রিজ এলাকায় গিয়ে অন্য বাস ধরতে হচ্ছে।
ঝালকাঠি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মতিউর রহমান অভিযোগ করেন, বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতি-এর আহ্বায়ক ও মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার-এর লোকজন বিভিন্ন ধাপে বাস প্রবেশের সময় চাঁদা দাবি করে। এমনকি রাত হলে তাদের গাড়িতে বসে মাদক সেবন করে এবং প্রতিবাদ করলে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
রোববার ঝালকাঠি সমিতির দুই শ্রমিককে মারধরের ঘটনার প্রতিবাদে তারা কালিজিরা ব্রিজের আগে বরিশাল শহরের প্রবেশমুখে অস্থায়ী স্ট্যান্ড থেকে বাস চালাচ্ছেন বলে জানান মতিউর রহমান। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেখান থেকেই বাস চলাচল চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জিয়া উদ্দিন সিকদার বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষ বৈঠকে বসেছে এবং ট্রাফিক পুলিশের প্রতিনিধিরাও আলোচনায় রয়েছেন। চাঁদাবাজির অভিযোগের বিষয়ে তিনি সরাসরি মন্তব্য না করে বলেন, শত্রুতার কারণে কেউ কেউ সাংবাদিকদের ভুল তথ্য দিতে পারে।



