ইরানকে পাল্টা আঘাতের হুঁশিয়ারি সৌদি আরবের

দিন যত যাচ্ছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা তীব্র আকার ধারণ করছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথ হামলা রোববার (৮ মার্চ) পর্যন্ত নবম দিনে গড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান শর্তহীনভাবে আত্মসমর্পণ না করলে হামলা অব্যাহত থাকবে।
ইরান এই দুই দেশের হামলার জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে, যার মধ্যে সৌদি আরবও রয়েছে। ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা চালানোর জন্য সৌদি যুবরাজ সালমান যুক্ত ছিলেন এবং যুক্তরাষ্ট্রকে হামলা শুরু করতে ট্রাম্পকে চাপ দিচ্ছিলেন।
সর্বশেষ পরিস্থিতিতে সৌদি আরব তেহরানকে স্পষ্টভাবে জানিয়েছে, তারা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের কূটনৈতিক সমাধানের পক্ষে। তবে ইরান যদি সৌদি ভূখণ্ড ও জ্বালানি খাতের ওপর হামলা অব্যাহত রাখে, তাহলে রিয়াদও পাল্টা প্রতিক্রিয়া নেবে। বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে কথা বলা চারটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এর দুই দিন আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলোচনায় সৌদি অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। প্রিন্স ফয়সাল সতর্ক করে বলেন, ইরান যদি সৌদি ভূখণ্ড বা গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালায়, তাহলে রিয়াদ তাদের ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জন্য ব্যবহার করতে বাধ্য হবে এবং প্রয়োজন হলে পাল্টা প্রতিশোধ নেবে।
এই বিষয়ে সৌদি ও ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো মন্তব্য দেয়নি।



