ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে রাশিয়া, কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান সম্পর্কিত তথ্য ইরানকে রাশিয়ার মাধ্যমে সরবরাহের খবরের প্রেক্ষাপটে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। শুক্রবার (৬ মার্চ) এক সাক্ষাৎকারে তিনি সতর্কবার্তা দেন।
তিনি জানান, এ অঞ্চলের প্রতিটি গতিবিধি ওয়াশিংটন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সেই অনুযায়ী পরবর্তী সামরিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে।
পিট হেগসেথ বলেন, “কে কার সঙ্গে যোগাযোগ রাখছে, সে বিষয়ে মার্কিন কমান্ডার-ইন-চিফ ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি অবগত রয়েছেন। মার্কিন জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন।” তিনি আরও হুঁশিয়ারি দেন, প্রকাশ্যে হোক বা গোপনে—যেকোনো অনাকাঙ্ক্ষিত তৎপরতা প্রতিহত করা হবে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, শত্রুপক্ষকে বিপদে ফেলাই বর্তমানে তাদের প্রধান লক্ষ্য। তিনি কঠোরভাবে বলেন, “এখন কেবল সেই সব ইরানিরাই চিন্তিত হওয়া উচিত, যারা বেঁচে থাকার আশা করছেন।” মূলত রাশিয়ার সহায়তায় সম্ভাব্য হামলা ঠেকাতেই পেন্টাগন এই কঠোর অবস্থান নাচ্ছে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন জাহাজ, বিমান ও রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে তেহরানকে নিয়মিত তথ্য দিচ্ছে মস্কো। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, রাশিয়ার সরবরাহ করা গোয়েন্দা তথ্য ব্যবহার করে ইরান মার্কিন বাহিনীর বিরুদ্ধে হামলার ছক তৈরি করছে।
এদিকে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে সমবেদনা জানান এবং চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। তবে গোয়েন্দা তথ্য সরবরাহের অভিযোগ নিয়ে মস্কো এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।



