‘বাংলাদেশি বয়কট’ থেকে সরে আসলেন শিলিগুড়ির হোটেল মালিকরা

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি-তে বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল বুকিং সংক্রান্ত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে স্থানীয় হোটেল মালিকদের সংগঠন দ্বারা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ‘গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। সংগঠনটি জানিয়েছে, দুই দেশের সাম্প্রতিক ইতিবাচক কূটনৈতিক পরিবর্তন মূলত এই সিদ্ধান্তের পেছনের কারণ।
২০২৪ সালের ৯ ডিসেম্বর আঞ্চলিক উত্তেজনার কারণে বাংলাদেশি পর্যটকদের জন্য শিলিগুড়ির হোটেলগুলোতে আবাসন সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল। সংগঠনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, সেই সময় বাংলাদেশের কিছু নেতার উস্কানিমূলক বক্তব্য এবং ভারতের জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তারা কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
সংগঠন জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়া এবং শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা-র উপস্থিতি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এছাড়া সীমান্ত ভ্রমণে বিধিনিষেধ শিথিল এবং ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় পর্যটকদের জন্য হোটেলের দ্বার খুলে দেওয়া হয়েছে। প্রায় ২৫০টি হোটেল এই সিদ্ধান্তের আওতায় থাকবে।
তবে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না। ভবিষ্যতে ভারতের জাতীয় পতাকা বা দেশের প্রতি অবমাননাকর কোনো ঘটনা ঘটলে তারা পুনরায় কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। সব সদস্য হোটেলকে আইনি ও নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে বাংলাদেশি অতিথিদের সেবা দিতে বলা হয়েছে।



