প্রথমবার সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি ঢাকা সেনানিবাস-এ অবস্থিত কার্যালয়ে পৌঁছান।
প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে তিন বাহিনীর প্রধানরা তাকে অভ্যর্থনা জানান। পরে তিনি সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
দিনের নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিনি দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তার কাঁধে ‘র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।



