
বরিশালের হিজলা উপজেলায় খাল থেকে আরিফ রাঢ়ী (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরবিশোর গ্রামের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরিফ হিজলা-গৌরবদী ইউনিয়নের চরবিশোর গ্রামের বাসিন্দা আনিছ রাঢ়ীর ছেলে। এ ঘটনায় প্রতিবেশী মোশারফ বয়াতি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি হত্যার কথা স্বীকার করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এশার নামাজের আগে আরিফ মোশারফের ঘরে যায়। সে সময় মোশারফ খাটে শুয়ে ছিলেন। আরিফ তাকে নামাজ পড়তে যাওয়ার জন্য উঠতে বললে তিনি উঠতে চাননি। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আরিফ তাকে চড় দিলে ক্ষিপ্ত হয়ে মোশারফ আরিফের বুকে লাথি মারেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে মরদেহ বাড়ির পাশের খালে ফেলে দেওয়া হয়।
শুক্রবার সকাল ৮টার দিকে খালের পাড়ে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠিয়েছে।
ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



