
নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়েই তিনি এ কথা বলেন।
তিনি জানান, সরকার ভিসা সমস্যা সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত এবং কীভাবে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায়, সে বিষয়ে কার্যক্রম চলছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি অনুযায়ী বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে এবং সম্পর্ক এগিয়ে নেবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আসার কারণে সেই মেরুদণ্ড এখন শক্ত।”
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিশ্রুতি দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটি নাগরিকের স্বার্থকে সামনে রেখে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
শামা ওবায়েদ বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তা যথেষ্ট অভিজ্ঞ এবং তাদের সঙ্গে মিলিত হয়ে কাজ এগিয়ে নেবেন। বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়ের ভূমিকা থাকবে এবং সাম্প্রতিক বৈঠকগুলো ছিল সমন্বয় জোরদারের অংশ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টিও চলমান প্রক্রিয়ার অংশ এবং এ বিষয়ে মন্ত্রণালয় কাজ চালিয়ে যাবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক—উভয় পর্যায়েই সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। রাজনৈতিক দল, মত ও ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে পররাষ্ট্রনীতি পরিচালনার উপর গুরুত্ব দেওয়া হবে। তিনি যোগ করেন, “বাংলাদেশকে এবার ভিন্ন নজরে দেখার সময় এসেছে।”



