সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর গণমাধ্যমকে বিষয়টি জানান।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের বিপুল সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। তিনি মন্ত্রীদের স্ব-স্ব দায়িত্ব পালনে প্রভাবমুক্ত থেকে কাজ করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন।
রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, সেহরি-ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনী অঙ্গীকার—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড কার্যক্রম দ্রুত দৃশ্যমান করার বিষয়েও আলোচনা হয়। ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারের উদ্যোগ সম্পর্কেও দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, দেশের শ্রমবাজারের বড় অংশ মধ্যপ্রাচ্যভিত্তিক। এ প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় মধ্যপ্রাচ্যের শ্রমবাজার উন্মুক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সময় সেই ধারাবাহিকতা বজায় থাকলেও পরে নানা কারণে কিছু ক্ষেত্রে ছন্দপতন ঘটে। শ্রমবাজার সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সম্ভাব্য মধ্যপ্রাচ্য সফরের প্রস্তাবও উত্থাপন করা হয়েছে।
এ ছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আগামী ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলেও জানান প্রতিমন্ত্রী।



