
বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী যারা শপথ নেবেন, তাদের বেতন ও সুবিধা আইন অনুযায়ী নির্ধারিত।
মন্ত্রীর বেতন ও সুবিধা:
মন্ত্রীর মাসিক বেতন ১,০৫,০০০ টাকা। বেতনের বাইরে তিনি পান দৈনিক ভাতা ২,০০০ টাকা, নিয়ামক ভাতা মাসে ১০,০০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল ১০ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫,০০০ টাকা। সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি, বিদেশ ও রেল ভ্রমণ, বিনা ভাড়ায় সরকারি বাসভবন (গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে) এবং সর্বোচ্চ ৫ লাখ টাকার আসবাবপত্র পাবেন। বাসায় না থাকলে ৮০,০০০ টাকার বাড়িভাড়া এবং সংশ্লিষ্ট খরচ সরকার বহন করবে। নিরাপত্তা প্রহরী, পরিবারের ভ্রমণ খরচ ও গৃহকর্মীর খরচও অন্তর্ভুক্ত।
প্রতিমন্ত্রীর বেতন ও সুবিধা:
প্রতিমন্ত্রীর বেতন মাসে ৯২,০০০ টাকা, দৈনিক ভাতা ১,৫০০ টাকা, নিয়ামক ভাতা ৭,৫০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৭.৫ লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য ৭৫,০০০ টাকা। সরকারি বাসভবন, আসবাবপত্র (৪ লাখ টাকা পর্যন্ত), বাড়ি না থাকলে ভাড়া ও খরচ বাবদ ৭০,০০০ টাকা এবং অন্যান্য সুবিধা মন্ত্রীর মতোই।
উপমন্ত্রীর বেতন ও সুবিধা:
উপমন্ত্রীর বেতন মাসে ৮৬,৫০০ টাকা। দৈনিক ভাতা ১,৫০০ টাকা, নিয়ামক ভাতা ৫,০০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৫.৫ লাখ টাকা, মোবাইল ফোনের জন্য ৭৫,০০০ টাকা। সরকারি বাসভবন, আসবাবপত্র (৪ লাখ টাকা পর্যন্ত), বাড়ি না থাকলে ৭০,০০০ টাকার ভাড়া ও অন্যান্য খরচ বহন করা হবে।
সব ধরনের বেতন ও ভাতার ওপর কোনো কর নেই। এছাড়া সংসদ সদস্য হিসেবে নির্বাচিত থাকলে অতিরিক্ত সুবিধাও পাবেন।



