যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সমর্থন দেবে তালেবান

যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালালে সহযোগিতায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তালেবান-এর মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। রোববার রেডিও ইরানের পশতু পরিষেবাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, হামলার ঘটনা ঘটলে এবং তেহরান আনুষ্ঠানিকভাবে সহায়তা চাইলে কাবুল ইরানকে সহযোগিতা করবে। তার দাবি, জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরান বিজয়ী হয়েছিল এবং যুক্তরাষ্ট্র হামলা চালালেও ইরান আবারও জয়ী হবে।
এর আগে বার্তা সংস্থা Reuters ইরানের এক কর্মকর্তার বরাতে জানায়, দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে অব্যাহত সামরিক হুমকির মুখে রয়েছে।
এদিকে পারস্য উপসাগর এলাকায় মার্কিন রণতরী USS Abraham Lincoln অবস্থান করছে, যা সম্ভাব্য সামরিক উত্তেজনা বাড়িয়েছে। একই সঙ্গে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনা চললেও মধ্যপ্রাচ্যে আরও একটি মার্কিন রণতরী USS Gerald R. Ford মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।



