বাংলাদেশিসহ ১৮৪ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে জোহর বাহরুর পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের মোট ১৮৪ জন বন্দিকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।
সাজা ভোগ শেষ করার পর তাদের প্রত্যাবাসনের উদ্যোগ নেয় মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।
প্রত্যাবাসিতদের মধ্যে ছিলেন— ইন্দোনেশিয়ার ৮২ জন, বাংলাদেশের ৫৯ জন, ফিলিপাইনের ১৫ জন, পাকিস্তানের ১০ জন, মিয়ানমারের ৮ জন, কম্বোডিয়ার ৪ জন, শ্রীলঙ্কার ২ জন এবং সুদান, ভারত, নিউজিল্যান্ড ও ভিয়েতনামের একজন করে নাগরিক।
তাদেরকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ ১ ও ২), সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং পাসির গুদাং ফেরি টার্মিনাল ব্যবহার করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
ফেরত পাঠানো প্রত্যেকের কাছেই বৈধ পাসপোর্ট ছিল। যাদের প্রয়োজন হয়েছে, তাদের সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে অস্থায়ী ভ্রমণ নথি বা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করা হয়।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নির্যাতন আইন (অ্যাক্ট ৫৭৪), বিপজ্জনক মাদক আইন ১৯৫২ (অ্যাক্ট ২৩৪), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) ও ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩–এর অধীনে দণ্ড ভোগ শেষে তাদের প্রত্যাবাসন করা হয়েছে।
এছাড়া, প্রত্যাবাসিত সবাইকে ইমিগ্রেশন বিভাগের ব্ল্যাকলিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময়সীমা পর্যন্ত তারা কোনো কারণেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।



