
উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ৩০০ আসনের সংসদে দলটি ২১৩টি আসন পেয়ে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলে আগামী সংসদে বিরোধী দলে বসতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এনসিপি জোট।
এ বিজয়ে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন আসিফ আলি জারদারি। পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে। বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ইসলামাবাদ নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি আশা প্রকাশ করেন, ঢাকার নতুন রাজনৈতিক পরিবেশ আঞ্চলিক পরিসরে আরও সমন্বিত, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সম্পৃক্ততা জোরদারে ভূমিকা রাখবে।
এর আগে ঐতিহাসিক এ জয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মার্কিন দূতাবাস, ঢাকা। শুক্রবার সকাল ৭টা ৪৮ মিনিটে দূতাবাসের Facebook পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একই সঙ্গে বিএনপি ও তারেক রহমানকে তাদের বিজয়ের জন্য শুভেচ্ছা জানানো হয়।
পোস্টে আরও উল্লেখ করা হয়, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী।



