
ভোলা সদর উপজেলায় আলীনগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একদল দুর্বৃত্ত ভোটকেন্দ্রে হামলা চালিয়েছে। হামলাকারীরা কেন্দ্র থেকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করলে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এই ঘটনা ঘটে। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, “একদল লোক বোমা বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রের মধ্যে প্রবেশ করে দায়িত্বে থাকা কর্মকর্তাদের হেনস্তা করার চেষ্টা করেছিল। তবে তারা কোনো বড় সমস্যা সৃষ্টি করতে পারেনি। ঘটনার কারণে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।”
ভোলা সদর মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, হামলাকারীরা কেন্দ্র থেকে ব্যালট পেপার বের করার চেষ্টা করেছিল। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, “নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”
বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং কেন্দ্রটি নিরাপদ করার জন্য কাজ করছে।



