
চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ ঘিরে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে বলা হয়েছে, সারাদেশে মোট ৪৮৬টি ভোটকেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।
সমন্বয় সেলের হিসাব অনুযায়ী, বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে ১৩৫ স্থানে। পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে ১৪ জায়গায়। এছাড়া ১৮টি ক্ষেত্রে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ পর্যন্ত তিনটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ৫৯টি জাল ভোট দেওয়ার অভিযোগ নথিভুক্ত হয়েছে। একই সঙ্গে ছয়জন প্রার্থী মারধরের শিকার হয়েছেন বলেও তথ্য জানানো হয়েছে।
চারটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলার অভিযোগ পাওয়া গেছে ৩৩টি ক্ষেত্রে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।



