
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল যাই হোক তা মেনে নেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তবে বড় ধরনের অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের মনিপুর বয়েজ হাই স্কুল মাঠ কেন্দ্রে ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, দীর্ঘদিন দেশবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তিনিও ভোট দিতে পারেননি। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের সময় তিনি কারাগারে ছিলেন। এবার ভোট দিতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আশা করেন, এই ভোটের মাধ্যমে দেশে নতুন এক অধ্যায়ের সূচনা হবে।
তিনি বলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আগে কখনো ভোট দিতে পারেনি, তারা এদিনের জন্য অপেক্ষা করছিল। নির্বাচন শান্তিপূর্ণ, সন্ত্রাস ও দখলমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক—এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে এমন একটি সরকার গঠনের আশা করেন, যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়; বরং সমগ্র দেশের মানুষের সরকার হবে।
ড. শফিকুর রহমান গণমাধ্যমের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, রাষ্ট্র গঠনে মিডিয়া চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্বশীল ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ছোটখাটো বিষয় উপেক্ষা করা হলেও বড় কোনো অনিয়ম হলে তা মেনে নেওয়া হবে না। তার ভাষায়, নির্বাচন যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তবে সেই ফল সবাইকে মেনে নিতে হবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।
তিনি নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। দেশের ২৯৯টি সংসদীয় আসনে মোট ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোট হচ্ছে। এসব কেন্দ্রে রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন।
মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ওই আসন বাদে বাকি ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।



