
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে তিনি কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে নিজের ভোট দেন।
নিজ কেন্দ্রে তাকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলে হাসনাত আবদুল্লাহ বলেন, সকাল থেকেই ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই সকাল ৭টা থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘ প্রায় দেড় দশক ধরে অনেকেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি, ফলে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই একটি আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নতুন প্রজন্মের (জেনজি) অনেক ভোটার এবার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
তার ভাষ্য অনুযায়ী, তার আসনেই প্রায় ১ লাখ থেকে ১ লাখ ৩০ হাজার নতুন ভোটার রয়েছেন। এ কারণে ভোটকে ঘিরে বাড়তি উৎসাহ তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দিনের সঙ্গে সঙ্গে এই আগ্রহ ও অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।



