Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিজামায়াত

ব্যানারের চুরি ঠেকাতে সিসি ক্যামেরা লাগালো জামায়াত প্রার্থী

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নির্বাচনী প্রচারণার ব্যানার চুরি ও ছিঁড়ে ফেলার ঘটনা ঠেকাতে ভিন্নধর্মী পদক্ষেপ নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ। ব্যানারের সুরক্ষা নিশ্চিত করতে তিনি সেগুলোর ওপর সিসি ক্যামেরা স্থাপন করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, নোয়াখালীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনী পোস্টার ও ব্যানার নষ্ট করার অভিযোগ উঠলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কঠোর ব্যবস্থা দেখা যায়নি। এমন পরিস্থিতিতে নিজ উদ্যোগেই ব্যানারের নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট প্রার্থী।

সরেজমিনে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে আমিরাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে একটি নির্বাচনী ব্যানারের ওপর সিসি ক্যামেরা বসানো দেখা গেছে। সংশ্লিষ্টদের ধারণা, এই নজরদারি ব্যবস্থা দুষ্কৃতকারীদের নিরুৎসাহিত করবে।

প্রার্থী মো. ছাইফ উল্লাহ জানান, একাধিকবার ব্যানার চুরি ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর ফল পাওয়া যায়নি। তাই বাধ্য হয়েই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা উত্তর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা এবং প্রচারণার স্বাভাবিক কার্যক্রম চালু রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, সোনাইমুড়ী উপজেলার ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাছরিন আকতার জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সব অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৫২ হাজার ৪২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ৭১১ জন এবং নারী ভোটার ২ লাখ ১৮ হাজার ৭১৪ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button