
পাবনা–৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু বলেছেন, নির্বাচনে ফলাফল যাই হোক না কেন, ভোটের পরও তিনি বিএনপির রাজনীতি চালিয়ে যাবেন—প্রয়োজনে গায়ের জোরেই।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী বাজারের পুরাতন বাসস্ট্যান্ডে আয়োজিত এক নির্বাচনী জনসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নিজেকে শহীদ জিয়াউর রহমানের সৈনিক দাবি করে জাকারিয়া পিন্টু বলেন, তিনি দীর্ঘদিন ধরেই নানা বাধা উপেক্ষা করে বিএনপির রাজনীতি করে আসছেন। তার ভাষায়, প্রতিপক্ষরা কখনোই তাকে দল করতে দিতে চায়নি, তবুও তিনি গায়ের জোরেই রাজনীতি চালিয়ে গেছেন এবং ভবিষ্যতেও চালিয়ে যাবেন। এ বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও অবগত আছেন বলে তিনি দাবি করেন।
নির্বাচনী পরিবেশ সম্পর্কে পিন্টু বলেন, প্রচারণাকালে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার প্রতি আগ্রহ লক্ষ করা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন এবং জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও তার সমর্থকেরা ভোটারদের হুমকি দিচ্ছেন। এসব অভিযোগ সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা। সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাধিক সাবেক নেতা বক্তব্য দেন।
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় জাকারিয়া পিন্টুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তিনি আগে পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাভোগের পর গত ৫ আগস্টের পর তিনি মুক্তি পান।



