Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅন্যান্যসরকার

দীপু দাসের পরিবারকে ৫০ লক্ষ টাকা ও বাড়ি নির্মাণ সহায়তা দিল সরকার

ময়মনসিংহের ভালুকায় ‘ধর্ম অবমাননার’ অভিযোগে গণপিটুনিতে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তা ও বাসগৃহ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে দীপু দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডটি সে সময় সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে দেশব্যাপী আলোচনার জন্ম দেয়।

প্রধান উপদেষ্টার পরামর্শে গত ২৩ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার নিহতের বাড়ি পরিদর্শন করে পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে সহমর্মিতা জানান। যেহেতু দীপু দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাই তার পরিবারের সার্বিক নিরাপত্তা ও পুনর্বাসনের লক্ষ্যে সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে নিহতের পরিবারের জন্য একটি পাকাঘর নির্মাণ করা হবে। এ জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হবে।

এর আওতায় দীপু দাসের পিতা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে এবং সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর খোলা হবে।

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, দীপু দাসের হত্যাকাণ্ড একটি নির্মম অপরাধ, যার কোনো যুক্তি বা গ্রহণযোগ্যতা নেই। তিনি বলেন, সাম্প্রদায়িক উন্মাদনার মাধ্যমে সংঘটিত এই ঘটনা জাতির জন্য লজ্জাজনক এবং ন্যায়বিচারই একমাত্র পথ, যা এই লজ্জা থেকে সমাজকে মুক্ত করতে পারে।

তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই সম্মানিত হতে হবে, তবে কোনো অবস্থাতেই কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

ইতোমধ্যে এই ঘটনায় সরাসরি জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button