সেনাবাহিনীকে আরও সমৃদ্ধ করবেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। গত ৮ ফেব্রুয়ারি সামরিক বাহিনীর প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। কিম আগামী মাসে এক গুরুত্বপূর্ণ সম্মেলনে দেশের পরবর্তী পাঁচ বছরের অভ্যন্তরীণ ও বিদেশনীতি প্রকাশের কথাও জানিয়েছেন।
সর্বোচ্চ নেতা তার ১৫ বছরের শাসনামলে অর্জিত সামরিক ও প্রযুক্তিগত উন্নয়নের ভিত্তিতে সেনাদের সামনে বক্তৃতা দেন এবং ভবিষ্যতে আরও আধুনিক ও সক্ষম বাহিনী গড়ে তোলার অঙ্গীকার করেন। একই সময় কিম বিভিন্ন সামরিক মহড়া এবং অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শনেও অংশ নেন।
বিশ্লেষকরা বলছেন, কিমের আগামী নীতিমালায় অর্থনীতিতে স্বনির্ভরতা, গণসংহতি ও সামরিক সক্ষমতার ওপর জোর দেওয়া হতে পারে। এছাড়া তিনি পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের ইঙ্গিতও দিতে পারেন—যাতে অন্তর্ভুক্ত থাকতে পারে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মাল্টি-ওয়ারহেড ব্যবস্থা, গোয়েন্দা উপগ্রহ এবং পারমাণবিক সাবমেরিন।
পররাষ্ট্রনীতিতে মস্কো ও বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তাও এই নীতিমালার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতি পাঁচ বছরে একবার আয়োজিত কংগ্রেসের নবম আসরে এসব নীতি ঘোষণা করা হবে।



