
নির্বাচনে জয়ী হলে ঢাকা-৮ আসনকে সৌদি আরবের মদিনা সমাজের আদলে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন ১১-দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ইনশাআল্লাহ ঢাকা-৮ আসনকে একটি আদর্শ সমাজে রূপান্তর করা হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।
গণসংযোগের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় নিজ আসনের প্রার্থী এবং আন্দোলনে নিহত শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি বলেন, ওসমান হাদি বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত একটি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দল। এনসিপি ও জামায়াত দেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কবর জিয়ারত শেষে তিনি শাহবাগ এলাকায় গিয়ে ফুল ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন।



