
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে—এ ধরনের বক্তব্য সম্পূর্ণ অপপ্রচার ও ধর্মীয় অনুভূতির অপব্যবহার। দেশের প্রখ্যাত আলেম সমাজ এসব দাবি প্রত্যাখ্যান করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
সোমবার বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামালপুর ইউনিয়নের ভগদগাজী বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, এমন অপপ্রচারে বিভ্রান্ত হলে ইমান ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান এবং কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের উন্নয়নে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।
ক্ষমতায় গেলে বিএনপি সরকারের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, ধর্মীয় খাতে অনুদান বৃদ্ধি, ইমাম-মুয়াজ্জিনদের সরকারি বেতন, মন্দিরের পুরোহিতদের ভাতা, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং নতুন শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
এ ছাড়া মা-বোন ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি।



