জেলেনস্কিকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে ট্রাম্প

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ইউক্রেনকে দ্রুত প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের জন্য চাপ দিচ্ছেন।
সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা ইউক্রেন ও রাশিয়ার সরকারি প্রতিনিধিদের সঙ্গে বসেন। ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বৈঠকে উপস্থিত ছিলেন।
রয়টার্সকে এক কর্মকর্তা বলেন, “আমরা ইউক্রেনের প্রতিনিধিদের বলেছি যে দ্রুত যুদ্ধের অবসান ঘটাতে হবে। আমাদের হাতে বেশি সময় নেই।”
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির দপ্তরের মুখপাত্ররা কোনো মন্তব্য করতে রাজি হননি। জেলেনস্কি ২০১৯ সালের মে মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তার সাংবিধানিক মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের মে মাসে। তবে সামরিক শাসনের মাধ্যমে তিনি এখনও ক্ষমতায় রয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে, মস্কো শুধু নির্বাচিত ইউক্রেনের সরকারের সঙ্গেই যুদ্ধবিরতি চুক্তি করবে। জেলেনস্কি যদি পুনরায় নির্বাচিত হন, তাতেও কোনো সমস্যা হবে না।
আবুধাবি বৈঠকের পর জেলেনস্কি জানিয়েছেন, আগামী জুনের মধ্যে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।



