ভারতে নিপা ভাইরাস আতঙ্কে প’ণ্ড হতে পারে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে পর্দা ওঠার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই একের পর এক নাটকীয়তা ও স্বাস্থ্যঝুঁকির খবরে বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। একদিকে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অংশ না নেওয়া, অন্যদিকে ভারতে নতুন করে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব—সব মিলিয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে এই মেগা ইভেন্ট।
নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে প্রতিবেশী দেশ বাংলাদেশ আগেই জানিয়েছিল তারা ভারত সফরে যাচ্ছে না। আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে ছাড়াই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এবং শূন্যস্থান পূরণে যুক্ত করেছে স্কটল্যান্ডকে। বাংলাদেশ দলের এই অনুপস্থিতি নিয়ে ক্রিকেট মহলে আলোচনা-সমালোচনা এখনো থামেনি।
বিশ্বকাপের উত্তেজনায় জল ঢেলে দিয়েছে ভারতে হঠাৎ ছড়িয়ে পড়া নিপা ভাইরাস। বিশেষ করে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে যে, অন্তত পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিপা ভাইরাস যেহেতু অত্যন্ত সংক্রামক এবং এর মৃত্যুহার বেশি, তাই বড় জমায়েত বা টুর্নামেন্ট আয়োজন করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এর প্রভাব পড়তে পারে কয়েকটি ক্ষেত্রে। খেলোয়াড়দের নিরাপত্তার জন্য কঠোর বায়োসিকিউরিটি বিধিনিষেধ আসতে পারে।
গ্যালারিতে দর্শকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বা কড়াকড়ি আরোপ হতে পারে। এবং সংক্রমণ বেশি ছড়ালে টুর্নামেন্টের সূচি বা ভেন্যু পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আইসিসি পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। একদিকে নিরাপত্তা সংকট, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকি—সব মিলিয়ে এবারের বিশ্বকাপ আয়োজন বিসিসিআই এবং আইসিসি-র জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্রিকেট ভক্তরা এখন তাকিয়ে আছেন কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।



