বিজয় দিবসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন এক গৌরবময় অর্জন যুক্ত করেছে বাংলাদেশ। ঢাকায় আয়োজিত একটি বিশেষ প্যারাশুট জাম্পে একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ বিশ্বরেকর্ড অর্জন করেছে বাংলাদেশ।
আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত স্কাইডাইভারদের অংশগ্রহণে এ ব্যতিক্রমী প্যারাশুট জাম্প পরিচালিত হয়। এতে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ একদল দক্ষ প্যারাট্রুপার আকাশে ভেসে তুলে ধরেন লাল–সবুজের ৫৪টি জাতীয় পতাকা। পুরো আয়োজনের পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ এ অর্জনকে ‘মোস্ট ফ্ল্যাগস ফ্লোউন সিমালটানিয়াসলি হোয়াইল স্কাইডাইভিং’ শিরোনামে স্বীকৃতি দিয়েছে। এর মধ্য দিয়ে টিম বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে তালিকাভুক্ত হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানিয়েছে, বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক পরিসরে স্মরণীয় করে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয়েছে।
আইএসপিআর বলছে, এ বিশ্বরেকর্ড শুধু একটি সংখ্যাগত অর্জন নয়; এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের উজ্জ্বল প্রমাণ। লাল–সবুজের এ গর্বিত মুহূর্ত দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।



