সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ আজ
গুম ও টিএফআই সেলে নির্যাতন

এই মামলায় প্রধান আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ১৭ জন আসামির মধ্যে ১০ জন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার এবং কর্নেল মো. মশিউর রহমানসহ আরও কয়েকজন।
অন্যদিকে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ এবং শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ বাকিরা পলাতক রয়েছেন।
গত ১৪ ডিসেম্বর আসামিপক্ষের আইনজীবীরা পৃথক শুনানিতে নিজ নিজ মক্কেলের অব্যাহতি চেয়ে আবেদন করেন। তবে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য-প্রমাণ থাকার দাবি তুলে বিচার শুরুর আবেদন জানান। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শুনানিতে টিএফআই সেলের বীভৎসতা বর্ণনা করে বলেন, গুম হওয়া ব্যক্তিদের ভাগ্য ছিল অনিশ্চিত; কাউকে বছরের পর বছর আটকে রেখে পরে নির্জন স্থানে ফেলে আসা হতো, আবার কাউকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হতো।



