ওসমান হাদির জানাজায় যোগ দিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়েছেন বিভিন্ন শ্রেণি–পেশার লাখো মানুষ। একের পর এক মিছিল এসে প্রবেশ করছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মিছিল থেকে ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন স্লোগান দেওয়া হচ্ছে। হাদির জানাজা কেন্দ্র করে এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকা ও আশপাশে প্রায় এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপি কমিশনারের নির্দেশনায় পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে মানিক মিয়া অ্যাভিনিউয়ে প্রবেশের প্রতিটি পয়েন্টে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অংশগ্রহণকারীরা কোনো ব্যাগ বা ভারি বস্তু নিয়ে এলাকায় প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি পুরো এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বিপুল জনসমাগম ও শৃঙ্খলা বজায় রাখতে সকাল ১০টায় খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ট্র্যাফিক পুলিশ সাধারণ যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র্য প্রার্থী ছিলেন।
গুরুতর আহত ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার তিনি মারা যান।



