Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ক্রিকেটখেলাধুলা

টেস্ট ক্যারিয়ার শেষ খাজার?

চোটে অ্যাশেজ প্রথম দুই টেস্টে খেলতে পারেননি প্যাট কামিন্স। তৃতীয় টেস্টে ফিরলেন সাদা পোশাকে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক। পাশাপাশি অ্যাডিলেড টেস্টে ফেরানো হয়েছে স্পিনার নাথান লায়নকেও। ব্রিসবেনে চোটে বাইরে থাকা উসমান খাজা ফিট হলেও জায়গা পাননি একাদশে। ম্যাচের আগেরদিন একাদশ ঘোষণার পর তাই আলোচনা, পার্থেই অজিদের হয়ে শেষ টেস্ট খেলে ফেলেছেন ৩৮ বর্ষী বাঁহাতি খাজা?

অ্যাডিলেডে বুধবার থেকে শুরু হতে চলা ম্যাচের জন্য অধিনায়ক প্যাট কামিন্স ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকে ফিরিয়ে ইংল্যান্ডের বিপক্ষে শক্তিশালী একাদশ সাজিয়েছে ২-০তে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া।

সপ্তাহের শুরুতে খাজা বলেছিলেন, শতভাগ ফিট এবং জায়গা ধরে রাখতে মুখিয়ে আছেন। তাকে মিডলঅর্ডারে খেলানোর সম্ভাবনা আলোচনা হয়েছিল। নির্বাচকরা জশ ইংলিসকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এবং জ্যাক ওয়েদারাল্ড-ট্র্যাভিস হেডের ওপেনিং জুটিতে আস্থা রেখেছেন।

তৃতীয় টেস্টের একাদশ নিয়ে সন্তুষ্ট কামিন্স বলেছেন, ‘আমাদের দলে সবচেয়ে বড় পরিবর্তন সম্ভবত প্রথম টেস্টের পর ট্র্যাভিসের ওপেনিংয়ে নামা এবং ওয়েদারাল্ডের সঙ্গে সেই জুটি কতটা ভালো দেখাচ্ছে, এটাই। এই ব্যাটিং লাইন-আপ নিয়ে আমরা বেশ সন্তুষ্ট। মিডল অর্ডারে পরিবর্তনের কোন প্রয়োজন মনে হয়নি।’

‘এরপর মার্নাস (লাবুশেন) আর স্টিভেনের (স্মিথ) মতো ব্যাটাররা যখন নামছে, তারাও সেই শুরুর উপর ভর করে ভালোভাবে নিজেদের ইনিংস গুছিয়ে নিতে পারছে। জানি না এতে প্রতিপক্ষ পুরোপুরি এলোমেলো হয়ে গেছে কিনা, তবে এটা অবশ্যই একটা গতি এনে দিয়েছে, বোর্ড সচল রেখেছে এবং আমাদের ইনিংসের শুরুটা দারুণ করেছে।’

খাজা প্রসঙ্গে কামিন্স বলেছেন, ‘হ্যাঁ, সম্ভাবনা অবশ্যই আছে। নির্বাচকরা এ ব্যাপারে খুবই স্পষ্ট যে আমরা প্রতি সপ্তাহে আলাদা করে দল নির্বাচন করি। এর মানে এই নয় যে আগের সপ্তাহের দলই হুবহু রাখতে হবে। এই সপ্তাহে বোলারদের ক্ষেত্রেও আমরা সেটাই করেছি।’

অস্ট্রেলিয়া একাদশ: জ্যাক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেনে, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ ইংলিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

সংশ্লিষ্ট খবর

Back to top button