Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলংকা

লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে শ্রীলংকা।

৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনালের টিকিট পায় শ্রীলংকানরা। ৪ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল আগেই নিশ্চিত করেছিল পাকিস্তান।

সিরিজের আরেক দল জিম্বাবুয়ে ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে লিগ পর্ব থেকেই আসর শেষ করেছে।

গতরাতে রাওয়ালপিন্ডিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলংকা। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর দলকে ৩৬ বলে ৬৬ রান এনে দেন ওপেনার কামিল মিশারা ও কুশল মেন্ডিস।

২৩ বলে ৪০ রান করে মেন্ডিস ফিরলেও, টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ পান মিশারা। ১৭তম ওভারে আউট হওয়ার আগে ৪৮ বলে ৭৬ রান করেন মিশারা। ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।

শেষ দিকে জানিথ লিয়ানাগের ২৪ ও অধিনায়ক দাসুন শানাকার ১৭ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৪ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ ২ উইকেট নেন।

জবাবে ৪৩ রানে ৪ উইকেট পতনের পর পাকিস্তানকে লড়াইয়ে ফেরান মিডল অর্ডার ব্যাটাররা। পঞ্চম উইকেটে উসমান খানকে নিয়ে ৪২ বলে ৫৬ এবং ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নাওয়াজের সাথে ৩৬ বলে ৭০ রান যোগ করে পাকিস্তানের জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন অধিনায়ক সালমান আগা।

উসমান খান ৩৩ ও মোহাম্মদ নাওয়াজ ২৭ রানে ফেরার পরও পাকিস্তানের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন সালমান।

শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার পড়ে পাকিস্তানের। কিন্তু শ্রীলংকান পেসার দুসমন্থ চামিরার করা শেষ ওভার থেকে ৩ রানের বেশি নিতে পারেনি পাকিস্তান। ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান করে ম্যাচ হারে স্বাগতিকরা।

৪টি চার ও ৩টি ছক্কায় ৪৪ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন সালমান। ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন শ্রীলংকার চামিরা।

আগামীকাল একই ভেন্যুতে সিরিজের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান- শ্রীলংকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button