Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঢালিউডবিনোদন

রোজার ঈদে মুক্তি পাবে বুবলীর সিনেমা

চিত্রনায়ক আদর আজাদ ও জনপ্রিয় নায়িকা শবনম বুবলী অভিনীত সিনেমা ‘পিনিক’ অবশেষে আগামী বছরের রোজার ঈদে মুক্তি পেতে যাচ্ছে। ২০২৪ সালের শেষ দিকে যখন ছবির কাজ শুরু হয়, তখনই নির্মাতা-প্রযোজকের পক্ষ থেকে জানানো হয়েছিল ছবিটি এ বছরের রোজার ঈদে মুক্তি পাবে। সেই অনুযায়ী প্রস্তুতিও চলছিল। কিন্তু শেষ মুহূর্তে তা হয়নি।

এরপর কোরবানির ঈদ ও দুর্গাপূজায় বিবেচনায় নেওয়া হলেও শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পায়নি।

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্মাতা জাহিদ জুয়েল জানালেন, আগামী বছরের রোজার ঈদে মুক্তি পাবে পিনিক। তিনি বলেন, একটি ভালো সিনেমা উপহার দেওয়ার জন্য সময় নেওয়া হয়েছে। আমরা চাইছিলাম, প্রতিটি ফ্রেমই সঠিকভাবে ফুটে উঠুক। তাই তাড়াহুড়া করিনি। আশা করছি, আগামী রোজার ঈদে দর্শকরা ‘পিনিক’ উপভোগ করতে পারবেন।

সিনেমাটি প্রযোজনা করেছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট। সহপ্রযোজক শিমুল খানও ছবিটিতে অভিনয় করেছেন। তিনি জানান, পুরো ছবির কাজ অনেক আগেই শেষ হয়েছিল, শুধু একটি গানের শুটিং অসম্পূর্ণ থাকায় মুক্তিতে বিলম্ব হয়।

শিমুল খান বলেন, গানের শুটিংয়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম। প্রাথমিকভাবে দুই-তিন মাস আগেই শেষ হওয়ার কথা ছিল; কিন্তু আমাদের নায়িকা বুবলী তখন দেশের বাইরে ছিলেন। সে কারণে সময় পিছিয়ে যায়। পরে পোস্ট-প্রোডাকশনেও আমরা সময় নিয়েছি, কারণ কোনো অংশে যেন কমতি না থাকে, এটাই ছিল আমাদের চেষ্টা।
রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সমন্বয়ে নির্মিত ‘পিনিক’-এর গল্পকে নির্মাতা জাহিদ জুয়েল নিজেই বিশেষ বলে উল্লেখ করেন। তার ভাষায়, আমাদের দেশে বিভিন্ন ঘরানার ছবি হচ্ছে– অ্যাকশন, থ্রিলার, হরর, রোমান্স। কিন্তু ‘পিনিক’-এ আমরা সব ঘরানার স্বাদ একসঙ্গে আনতে চেয়েছি। ছবিটি দেখতে বসলে দর্শক কখনও রহস্যে ডুবে যাবে, কখনও থ্রিল অনুভব করবে, আবার কোথাও আবেগের ছোঁয়াও পাবে। পুরো গল্পটিই খুব শক্তিশালী, যা দর্শককে শেষ পর্যন্ত ধরে রাখবে।

আদর ও বুবলী ছাড়াও সিনেমাটিতে রয়েছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ ও এ কে আজাদ সেতু প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button