বাংলাদেশের দাপুটে জয়: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সরাসরি সেটে জয়লাভ

সোহেল রানা, কুলহুধুফুশি সিটি (মালদ্বীপ): প্রথমবারের মতো অনুষ্ঠিত কমনওয়েলথ বিচ হ্যান্ডবল টুর্নামেন্টে বাংলাদেশ দাপুটে জয়ের সূচনা করেছে। মালদ্বীপের কুলহুধুফুশি সিটিতে শুরু হওয়া এই আন্তর্জাতিক আসরে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও দক্ষিণ আফ্রিকা অংশ নিচ্ছে। স্বাগতিক মালদ্বীপে আয়োজিত এ টুর্নামেন্ট ইতোমধ্যেই খেলাপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশ ২-০ সেটে হারায় দক্ষিণ আফ্রিকাকে। প্রথম সেটে বাংলাদেশ ২৪-৭ ব্যবধানে জয়লাভ করে এবং দ্বিতীয় সেটে আরও দাপুটে খেলায় ২৯-২০ পয়েন্টে জিতে মোট ৫৩-২৭ ব্যবধানে ম্যাচ শেষ করে।

বাংলাদেশের হয়ে মো. নাহিদ আলী সর্বোচ্চ ১৯ পয়েন্ট করেন। পাশাপাশি মো. খোকন মোল্লা ১৬ পয়েন্ট সংগ্রহ করে ম্যাচসেরা নির্বাচিত হন। অধিনায়ক সালমান খানের নেতৃত্বে দলের তীক্ষ্ণ আক্রমণ ও নির্ভুল ফিনিশিং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের মূল কৌশল হিসেবে কাজ করে।
দক্ষিণ আফ্রিকার হয়ে শন এমফো মোখিন সর্বোচ্চ ১২ পয়েন্ট সংগ্রহ করলেও দলের অন্যান্য খেলোয়াড়রা বাংলাদেশের গতি ও কৌশলের সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয়।
এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাসী বাংলাদেশ পরবর্তী ম্যাচের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা নিজেদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে পরবর্তী খেলায় নামবে।
এসআর/বাংলা টিভি



