Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাক্রিকেট

এশিয়া কাপে নিজেদের অভিষেকে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ওমান

এশিয়া কাপের মূল পর্বে কাল অভিষেক হচ্ছে ওমান ক্রিকেট দলের। ১৭তম আসরে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ওমান। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মত পাকিস্তানের মুখোমুখি হবে তারা। জয় দিয়ে এশিয়া কাপের অভিষেক স্মরণীয় করে রাখতে চায় ওমান। অন্যদিকে, জয় দিয়ে এশিয়া কাপ শুরুর লক্ষ্য পাকিস্তানেরও।

দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে পাকিস্তান-ওমান ম্যাচটি।

২০১৫ সালের জুলাইয়ে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওমানের। এরপর ২০১৯ সালের এপ্রিলে ওয়ানডে ফরম্যাটে পথচলা শুরু হয় তাদের।

এখন পর্যন্ত ৬৫টি ওয়ানডে এবং ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ওমান। কিন্তু কখনও এশিয়া কাপের মূল পর্বে খেলা হয়নি তাদের। ২০১৬ সালে এশিয়া কাপের বাছাইপর্ব খেলেছিল ওমান। চার দলের সেই বাছাই পর্বে শীর্ষ দুইয়ের মধ্যে থাকতে না পারায় মূল পর্বে খেলার টিকিট পায়নি তারা। অবশেষে নবম দেশ হিসেবে এশিয়া কাপে অভিষেক হচ্ছে ওমানের।

এশিয়া কাপে নিজেদের অভিষেক তথা পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে স্মরণীয় করে রাখতে মরিয়া ওমান। দলের অধিনায়ক জতিন্দর সিং বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচ দিয়ে আমরা প্রথমবারের মত এশিয়া কাপের মূল পর্বে খেলতে নামব। আমরা যেকোনো উপায়ে এ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাই। ব্যাট-বল হাতে দলের জন্য ভাল কিছু করার লক্ষ্য আমাদের।’

এদিকে, ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের যাত্রাটা ভালোভাবে করার লক্ষ্য পাকিস্তানের। সদ্য ত্রিদেশীয় সিরিজ জয়ে এশিয়া কাপে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। দলের অধিনায়ক সালমান আগা বলেন, ‘সদ্যই আমরা ত্রিদেশীয় সিরিজ জিতেছি। দলের সবাই আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে খেলতে নামবে। আশা করি, দল হিসেবে আমরা ভাল করতে পারব।’

পাকিস্তান : সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

ওমান : জতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়েক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিস ওডেডেরা, আমির কলিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশট, কারান সোনাভেল, জিকরিয়া ইসলাম, হাসনাইন আলি শাহ, ফয়সাল শাহ, মোহাম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সামায়া শ্রীবাস্তব।

সংশ্লিষ্ট খবর

Back to top button