Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্তর্বর্তী সরকারসরকার

নুরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার অডিও রেকর্ড ভুয়া বলে দাবি মন্ত্রণালয়ের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে একটি ফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি অডিও রেকর্ড সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ অডিওটি ভুয়া বলে দাবি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে প্রাথমিকভাবে কল রেকর্ডটির সত্যতা যাচাই করা যায়নি।

একইসঙ্গে এ ধরনের অপপ্রচারকারীদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারিও দিয়েছে মন্ত্রণালয়।

আজ শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, বরং এটি একটি বিকৃত এবং কৃত্রিমভাবে সৃষ্ট কণ্ঠ। স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ যিনি চিনেন, তিনি বুঝতে পারবেন এটি তার কোনো কণ্ঠ নয়।

‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ বিভিন্ন ফেক ফেসবুক আইডি থেকে ২৫ সেকেন্ডের ভুয়া অডিও রেকর্ডটিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায়।

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার ঘটনা সাধারণ জনগণের নিকট মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে—যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থী। এর মাধ্যমে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং জনগণ প্রকৃত সত্য তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।

আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড তৈরির বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ধরনের ভুয়া অডিও রেকর্ড বা ভুয়া কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বা ছড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সকলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button