Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অপরাধ

কোনও উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির তথ্য পাওয়া গেলে তদন্ত করা হবে: দুদক চেয়ারম্যান

উপদেষ্টা পরিষদের কারও বিরুদ্ধেও যদি দুর্নীতির অভিযোগের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, তাহলে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আব্দুল মোমেন।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে রংপুরের পৃথক দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। দুপুরে ডিসি অফিসের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের সকল অফিসের কর্মকর্তার সাথে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করে বিভাগীয় প্রশাসন। সেখানে প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেন। এ সময় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, ডিসি মোহাম্মদ রবিউল ফয়সালসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা তাদের বক্তব্য তুলে ধরেন।

দুদক চেয়ারম্যান বলেন, শুধু মুখে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে এমন অভিযোগ নয়, সুনির্দিষ্ট তথ্য আসতে হবে। আমরা যদি শুধু বলি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন কিন্তু এগুলো প্রমাণ করতে না পারি, তাহলে শেষ পর্যন্ত সেই অভিযোগ টিকবে না। এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধেও যদি অভিযোগ থাকে, আর সেটা যদি সুনির্দিষ্ট হয়, আপনারা নিয়ে আসুন।

ড. মোমেন আরও বলেন, বিগত ১৬ বছরে ঠিকাদার, সরকারি অফিসের বস, সাংবাদিক, বাকি যারা অভিযোগকারী সবারই মুখ বন্ধ করে দেয়ার বন্দবস্ত করা হয়েছিল। তাই কোনো অভিযোগ আসেনি। এর সঙ্গে আমাদের সরকারের উচ্চ লেভেলের লোক জড়িত হয়ে পড়েছিল। আমাদের রাষ্ট্রের টাকা সাশ্রয় করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। সেইসাথে এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে যাতে রাজনৈতিক সরকারের সময়েও সেটা জারি থাকে। কেউ কেউ আশঙ্কা করে যে রাজনৈতিক সরকার আসলে পরিস্থিতি খারাপ হয় কি না।

এ সময় সাংবাদিকদের সমাজের দর্পন উল্লেখ করে বলেন, আপনারা লক্ষ্য রাখবেন আমরা যেন আমাদের কাজটা ঠিকমতো করি। ঠিক ভাবে না করতে পারলে সমালোচনা করবেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, পুরোনো অনেক মামলা ধামাচাপা দেয়া হয়েছে। সেগুলো পুনরুজ্জীবিত করার কাজ চলছে। পরে রংপুর ডিসি অফিসে গণশুনানিতে অংশ নেন তিনি।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button