Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবলবাংলাদেশ

নিশাঙ্কার সেঞ্চুরিতে পিছিয়ে পড়ল বাংলাদেশ

শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কার অনবদ্য সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে পিছিয়ে পড়ল সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৪৭ রানের জবাবে ২ উইকেটে ২৯০ রান করেছে লংকানরা। ৮ উইকেট হাতে নিয়ে ৪৩ রানে এগিয়ে শ্রীলংকা। নিশাঙ্কা ১৪৬ রানে অপরাজিত আছেন।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২০ রান করেছিল বাংলাদেশ। তাইজুল ইসলাম ৯ ও এবাদত হোসেন ৫ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের চতুর্থ ওভারে নবম উইকেট হারায় বাংলাদেশ। পেসার আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে ফেরত যান এবাদত। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ১ চারে ৮ রান করেন এবাদত।

শেষ উইকেটে নাহিদ রানাকে নিয়ে ১৮ রান যোগ করেন তাইজুল। অভিষিক্ত বাঁ-হাতি স্পিনার সোনাল দিনুশার বলে মিড উইকেট দিয়ে মারতে গিয়ে দিনেশ চান্ডিমালকে ক্যাচ দেন তাইজুল। এতে প্রথম ইনিংসে ২৪৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৫টি চারে ৩৩ রান করেন তাইজুল।

আসিথা ও দিনুশা ৩টি করে উইকেট নেন।

নিজেদের ইনিংস শুরু করে দ্রুত রান তুলতে থাকেন শ্রীলংকার দুই ওপেনার নিশাঙ্কা ও লাহিরু উদারা। ৯ ওভারেই ৫৪ রান যোগ করেন তারা। রানের চাকা সচল থাকায় বিনা উইকেটে ৮৩ রান নিয়ে মধ্যাহ্ন-বিরতিতে যায় লংকনরা।

বিরতির পর বাংলাদেশকে উইকেট উপহার দেন স্পিনার তাইজুল। দলীয় ৮৮ রানে উদারার বিপক্ষে লেগ বিফোরের আবেদন করে বাংলাদেশ। তাতে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় বাংলাদেশ। তাতে সফলতা আসে টাইগারদের। ৪টি চারে ৪০ রান করে বিদায় নেন উদারা।

উদারা ফেরার পর নতুন ব্যাটার দিনেশ চান্ডিমালকে নিয়ে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন নিশাঙ্কা। কিছুক্ষণ বাদে জুটিতে পঞ্চাশ রানও পূর্ণ করেন দু’জনে। ব্যক্তিগত ৩০ রানে তাইজুলের এলবিডব্লিউর ফাঁদে পড়েন চান্ডিমাল। রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। জীবন পেয়ে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন চান্ডিমালও। ফলে ১ উইকেটে ১৯০ রান তুলে চা-বিরতিতে যায় শ্রীলংকা।

বিরতি থেকে ফিরে নাহিদ রানাকে বাউন্ডারি মেরে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছিলেন তিনি। ফলে দেশের মাটিতে দ্বিতীয় সেঞ্চুরির মালিক হলেন নিশাঙ্কা। তার সেঞ্চুরির পর ইনিংসের ৬৯তম ওভারে লিড নেয় শ্রীলংকা।

অন্যপ্রান্তে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন চান্ডিমাল। কিন্তু দিনের খেলা শেষ হবার ১৭ বল আগে এবং সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থাকতে আউট হন তিনি। স্পিনার নাঈম হাসানের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন চান্ডিমাল। ১০টি চার ও ১টি ছক্কায় ১৫৩ বলে ৯৩ রান করেন এই ডান-হাতি ব্যাটার। নিশাঙ্কার সাথে ১৯৪ রানের জুটি গড়েন চান্ডিমাল।

নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এসে নিশাঙ্কাকে নিয়ে দিনের শেষ ভাগে আর কোন বিপদ হতে দেননি নাইটওয়াচম্যান প্রবাথ জয়সুরিয়া। ১৮ চারে ২৩৮ বলে নিশাঙ্কা ১৪৬ ও জয়সুরিয়া ৫ রানে অপরাজিত আছেন।

তাইজুল ও নাইম ১টি করে উইকেট নিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button