Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলা

এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ‘আয়োজক’ ভারত

লম্বা সময় ধরে পাকিস্তানের সঙ্গে কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত। শুধু বৈশ্বিক টুর্নামেন্টে দেখা মেলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ। কিছুদিন আগে পাকিস্তানের সঙ্গে সংঘাতের জেরে আলোচনায় আসে, দেশটির সঙ্গে আর কখনোই ক্রিকেটে মুখোমুখি হতে চায় না ভারত। ভারতীয় গণমাধ্যমে খবর, আসন্ন এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। রোহিত-কোহলিদের ক্রিকেট বোর্ডের সমস্যা মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নিয়ে।

দেশটির বোর্ড বিসিসিআই সূত্রে খবর, ছেলেদের এশিয়া কাপের পাশাপাশি মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে ভারত।

ভারত মূলত এশিয়ার কোন টুর্নামেন্টেই খেলতে চায় না। হোক ছেলে কিংবা মেয়েদের। কারণ হিসেবে তারা বলছে মহসিন নকভীর কথা। এসিসির প্রধান হিসেবে আছেন নকভী। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও প্রধান। ভারত এটি মানছে না।

ব্যাখ্যায় দেশটির ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ‘ভারত দল এমন এক টুর্নামেন্টে খেলতে পারে না যার আয়োজক এসিসি এবং এর প্রধানের পদে আছেন একজন পাকিস্তানি মন্ত্রী। এটা পুরো দেশের আবেগ। আমরা এসিসির সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছি আসন্ন মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের বিষয়ে। সঙ্গে ভবিষ্যতে তাদের (এসিসি) ইভেন্টে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখতে। আমরা সরকারের সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি।’

সেপ্টেম্বরে হতে চলা এশিয়া কাপের আয়োজনের কথা ভারতের। ওই টুর্নামেন্টে খেলার কথা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কার। ভারত বেঁকে বসায় টুর্নামেন্ট গড়ানো নিয়েই এখন শঙ্কা।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button