ফ্যাসিবাদী শাসনের অবসান, রাষ্ট্রগঠনের কাজ এখন শুরু: আলী রীয়াজ

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সাথে বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি আলী রীয়াজ বলেন, ফ্যাসিবাদী শাসনের একটি পর্যায়ের অবসান ঘটেছে। ফ্যাসিবাদী শাসক পলায়ন করেছে, কিন্তু রাষ্ট্র গঠনের প্রক্রিয়া সূচনা হচ্ছে মাত্র। সেই সূচনার কাজটি দ্রুততার সঙ্গে শুরু করা ঐকমত্য কমিশনের লক্ষ্য।
শনিবার (৩ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৈঠক শেষে তিনি বলেন, সকলে একমত হয়ে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিলো, যার মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের প্রাথমিক পর্যায়ের সংগ্রামে বিজয় হয়েছে। সেটা যেন ধরে রাখতে পারি, অগ্রসর হতে পারি। সেক্ষেত্রে ভিন্নমত থাকবে। গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্রগঠনের দিক থেকে আমরা যেনো এক কাতারে থাকতে পারি। পরস্পরের সহযোদ্ধা হতে পারি। এ সহযোগিতার মধ্য দিয়ে জাতীয় সনদ তৈরি করতে পারবো, যে সনদ নতুন বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ বলে বিবেচিত হবে।



