শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

বিচারকাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানিতে এ অভিযোগ আদালতকে জানায় প্রসিকিউশন।
এদিন ট্রাইব্যুনালের বিচারকাজ বাধাগ্রস্ত করা এবং হুমকি দেওয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগের ওপর শুনানি হয়।
এর আগে, শেখ হাসিনার এমন অডিও রেকর্ড পাওয়ার কথা জানিয়েছিল প্রসিকিউশন টিম। পরে আদালত এই আলামত ফরেনসিক করার আদেশ দিয়েছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন (আইসিটি অ্যাক্ট) অনুযায়ী তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে দাখিল করার পর সেটি যাচাই-বাছাই করে রাষ্ট্রপক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে। এরপর রাষ্ট্রপক্ষ (প্রসিকিউটর) অভিযোগ গঠনের জন্য এবং আসামিপক্ষ (ডিফেন্স) অভিযোগ গঠন না করার জন্য শুনানি করবে। শুনানির পর অভিযোগ গঠন করা হবে কি না সেই আদেশ দেবেন ট্রাইব্যুনাল। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর বিচার কাজ শুরু হয়। রায় ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। এরপর নিয়ম অনুযায়ী রায় ঘোষণার এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করতে পারবে আসামিপক্ষ।



