Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ছাত্র আন্দোলনবাংলাদেশ

আজ কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে পলিটেকনিকের শিক্ষার্থীরা

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সন্তুষ্ট হতে পারেননি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বৈঠকের পরেই তারা ৬ দফা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এবার জানা গেল, ছয় দফা দাবি পূরণের আশ্বাস নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় আজ শুক্রবার সারা দেশে একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবেন তারা।

সামাজিক মাধ্যম ফেসবুকে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামের পেজে পোস্ট করে এই কর্মসূচির বিষয়টি জানিয়েছেন তারা। পোস্ট ও ভিডিওতে উল্লেখ করা হয়, ‘বাদ জুম্মা সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে ‘‘৮৭ এর কাফন আন্দোলন’’ এর ন্যায় কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করবে।’

এর আগে, গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ১২টায় পলিটেকনিকের আন্দোলনরত শিক্ষার্থীদের ১৮ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কারিগরি শাখা) রেহানা ইয়াসমিন।

বৈঠক শেষে সাংবাদিকদের পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম বলেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে কোনো অফিসিয়াল কাগজপত্র বা তাদের কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ দেখিনি। তারা প্রতিটি বিষয়ের অগ্রগতি আটকে রেখেছেন। আজকের আলোচনা ফলপ্রসূ হয়নি। আমাদের ছয় দফা দাবি আদায়ে শিগগির নতুন করে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করব।’

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথমে রয়েছে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

শিক্ষার্থীদের দ্বিতীয় দাবি হলো, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিলসহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।

তৃতীয় দাবি হলো, উপসহকারী প্রকৌশলী ও সমমানের (দশম গ্রেড) পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) থেকে পাসকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

চতুর্থ দাবি হলো, কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এ পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সব শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

পঞ্চম দাবি হলো, কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।

ষষ্ঠ দাবি হলো, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নওগাঁ, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাসকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

এসব দাবি আদায়ে গত বুধবার পলিটেকনিক শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button