বার্সেলোনার সাথে ম্যাচের পরই বিষয়টি নিয়ে আপত্তি তুলেছিল ওসাসুনা। এবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে ক্লাবটি। তাদের দাবি, নিয়ম অমান্য করে ইনিগো মার্তিনেজকে খেলিয়েছে হান্সি ফ্লিকের দল।
গত শুক্রবার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে একটি আবেদন জানায় ওসাসুনা। অভিযোগ, টেকনিক্যাল কারণে স্পেনের স্কোয়াডে থেকেও ম্যাচ না খেলা ডিফেন্ডার ইনিগোকে মাঠে নামিয়ে দিয়েছে বার্সেলোনা, যা নিয়ম বহির্ভূত কাজ।
আন্তর্জাতিক বিরতিতে হাঁটুর চোটের কারণে স্পেনের শেষ ম্যাচে বেঞ্চে বসেই কাটান ইনিগো। তবে তিন দিন বাদেই ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ৩-০ গোলে জয়ের ম্যাচে খেলেন পুরো ৯০ মিনিট।
ওসাসুনা এক বিবৃতিতে জানিয়েছে, একজন খেলোয়াড় যদি চোটের কারণে তার জাতীয় দলের সাথে যোগ না দেন বা স্কোয়াড ছেড়ে যান, তাহলে সেই খেলোয়াড় আন্তর্জাতিক বিরতি শেষের পাঁচ দিনের মধ্যে তার ক্লাবের জন্য ম্যাচ খেলতে পারেন না। ফলে ইনিগো ফিফার বিধিবিধান অনুসারে বার্সেলোনার হয়ে ম্যাচটিতে খেলার অযোগ্য ছিলেন।



