Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র

‘পাকিস্তানে কেউ যাবেন না, যখন-তখন হামলা হতে পারে’, নাগরিকদের সতর্কবার্তা আমেরিকার

পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করল আমেরিকা। বিশেষ কয়েকটি জায়গা উল্লেখ করে সেখানে একেবারেই না-যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, পাকিস্তান স্থানীয় বাসিন্দাদের জন্যও নিরাপদ নয়। এমনকি, সেখানে পর্যটক এবং বিদেশিদের উপরেও যখন-তখন হামলা হয়। তাই কোনও আমেরিকান নাগরিকের পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা থাকলে তা দ্বিতীয় বার বিবেচনা করতে বলেছে ডোনাল্ড ট্রাম্প সরকার।

শুক্রবার (স্থানীয় সময়) আমেরিকার বিদেশ দফতর পাকিস্তান নিয়ে বিবৃতিটি জারি করেছে। বিশেষ করে যে জায়গাগুলিতে যেতে নাগরিকদের নিষেধ করা হয়েছে, তার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকা, প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলওসি), বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া। সন্ত্রাসবাদ এবং সশস্ত্র সংঘাতের সম্ভাবনার কারণে এই জায়গাগুলি একেবারেই নিরাপদ নয় বলে উল্লেখ করা হয়েছে মার্কিন সরকারের বিবৃতিতে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ‘‘বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলি পাকিস্তানে হামলার পরিকল্পনা করেই চলেছে। বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়ার মতো এলাকায় ঘন ঘন সন্ত্রাসবাদী হামলা হয়। বহু মানুষ মারা যান। নিস্তার পান না সেখানকার স্থানীয় বাসিন্দারাও। এই ধরনের হামলাগুলি যখন-তখন হতে পারে, কোনও আগাম সতর্কবার্তা ছাড়াই। পাকিস্তানের দোকান, বাজার, স্কুল, কলেজ, শপিং মল, বিমানবন্দর, হাসপাতাল এমনকি ধর্মীয় স্থানগুলিতেও সন্ত্রাসবাদী হামলা হয়ে থাকে। অতীতে এই জঙ্গিরা আমেরিকান নাগরিক, কূটনীতিকদের একাধিক বার ‘টার্গেট’ করেছিল।’’

পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করা হয়েছে আমেরিকার ওই বিবৃতিতে। বলা হয়েছে, ‘‘পাকিস্তানের বড় শহরগুলিতে, বিশেষত ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা এবং পরিকাঠামো তুলনামূলক উন্নত। কিছু হলে সেখানে তুলনামূলক দ্রুত সাহায্য মিলতে পারে। কিন্তু অন্যত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার নয়।’’

ভারত-পাকিস্তান সীমান্ত প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারত-পাকিস্তান সীমান্তের ধারেকাছে কেউ যাবেন না। এই এলাকায় একাধিক জঙ্গিগোষ্ঠী সক্রিয়। নাগরিকদের জন্য ভারত এবং পাকিস্তানের একটিই সীমান্ত সংলগ্ন এলাকা খোলা। তা হল পঞ্জাব প্রদেশের ওয়াঘা (পাকিস্তান) এবং আটারি (ভারত)। কিন্তু এই সীমান্তে যেতে চাইলেও আগে সেখানকার পরিস্থিতি যাচাই করে নিতে হবে।’’ বিবৃতি বলেছে, ‘‘বালুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়াতে কেউ কোনও ভাবেই যাবেন না। এগুলি জঙ্গি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলির ঘাঁটি। একাধিক বার সাধারণ নাগরিক, ধর্মীয় সংখ্যালঘু এবং সরকারি আধিকারিকদের উপর এখানে হামলা হয়েছে।’’

উল্লেখ্য, মাঝেমধ্যেই বিভিন্ন দেশ সম্পর্কে এই ধরনের ভ্রমণ সংক্রান্ত সতর্কবার্তা জারি করে থাকে আমেরিকা। ২০২৪ সালে ভারতের বেশ কিছু জায়গার নাম উল্লেখ করে একই ভাবে সতর্ক করা হয়েছিল। তালিকায় ছিল জম্মু ও কাশ্মীর এবং মণিপুর।

সংশ্লিষ্ট খবর

Back to top button