
নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুমে কোনোভাবেই যেন কূল-কিনারা করতে পারছেন না পেপ গার্দিওলা। একের পর এক হারে শিরোপার লড়াই থেকে ছিটকে দলটি প্রিমিয়ার লিগে এখন আছে সেরা চারে থাকার লড়াইয়ে। সবশেষ নটিংহাম ফরেস্টের কাছে হেরে সেই কাজটা হয়ে গেছে কঠিন। হতাশ ও বিরক্ত গার্দিওলা বলেই দিলেন, এভাবে খেললে শীর্ষ চারে থাকার আশা তাদের বাদই দিতে হবে।
গত শনিবারের ম্যাচে ফরেস্টের কাছে ১-০ গোলে হেরে যায় সিটি৷ এই জয়ে চতুর্থ স্থানে থাকা গার্দিওলার দলের (৪৭ পয়েন্ট) চেয়ে চার পয়েন্টের লিডে টেবিলে তৃতীয় স্থানে রয়েছে এই মৌসুমের চমক ফরেস্ট (৫১ পয়েন্ট)। সিটির চেয়ে এক ম্যাচ কম খেলা চেলসি ৪৬ পয়েন্ট নিয়ে আছে চারে।
হতাশাজনক হারের পর গার্দিওলার কন্ঠে যেন ফুটে উঠল অসহায়ত্ব।
ম্যাচের ৮৩তম মিনিটে ফরেস্ট উইঙ্গার কলাম হাডসন-ওদয় একমাত্র গোলটি করেন। এই হারের মধ্য দিয়ে এবার লিগে ২৮ ম্যাচে ৯ বার পরাজয়ের তেতো অভিজ্ঞতা হয়েছে গার্দিওলার, যা এক মৌসুমে তার লিগে সর্বোচ্চ হারের রেকর্ড।
স্প্যানিশ এই কোচ মনে করেন, ভালো কিছু করতে হলে বাকি ম্যাচগুলোতে সেরাটা দিয়েই খেলতে হবে তাদের।
“আমাদের ম্যাচ জিততে হবে। আমরা যদি আমরা শীর্ষ চার নিশ্চিত করার জন্য একটানা পর্যাপ্ত ম্যাচ না জিততে না পারি, তাহলে কঠিন লড়াই হবে। আমাদের ১০টি ম্যাচ বাকি রয়েছে এবং (চ্যাম্পিয়ন্স লিগে খেলার) যোগ্যতা অর্জনের জন্য আমাদের প্রচুর ম্যাচ জিততে হবে, ব্যাপারটা খুব সহজ।”



