গাজীপুরসহ সারাদেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’
আওয়ামী লীগের ৮১ জন নেতাকর্মী আটক

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুরসহ সারা দেশে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলছে।
শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় সারাদেশে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকেই গাজীপুরসহ সারা দেশে এই অপারেশন পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে আজ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়।
শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
এদিকে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত আওয়ামী লীগের ৮১ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি জানান, গাজীপুরের ৫ থানায় আটক করা হয়েছে ৪০ জনকে। অপরদিকে মহানগরের ৮ থানা থেকে আটক করা হয়েছে ৪১ জনকে।
শনিবার রাতে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অভিযানে মহানগর ও জেলার ৬৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া শুক্রবার রাতে আটক হয় ১৬ জন।
গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে। অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা আওয়ামী লীগের নেতাকর্মী।



