সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি
ধর্ম উপদেষ্টার সাথে সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত

বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজযাত্রী প্রেরণের প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি আরব।
রোববার (৬ অক্টোবর) সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ সম্মতির কথা জানান সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রাবিয়া।
সমুদ্র পথে হজযাত্রী প্রেরণের বিষয়ে ধর্ম উপদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী বলেন, সমুদ্র পথে বাংলাদেশ থেকে হাজযাত্রী প্রেরণে সৌদি সরকারের কোন আপত্তি নেই। তবে বন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রয়োজন আছে। এবিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানির সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
জানা যায়, এ বছর পরীক্ষামূলকভাবে জাহাজযোগে দুই-তিন হাজার হাজযাত্রী প্রেরণের ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তা-ভাবনা করছে।
সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী হাজযাত্রীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিকে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেন। তিনি হজ এজেন্সির মালিক অথবা তাদের প্রতিনিধির অনুকূলে মুনাজ্জেম (মাল্টিপল) ভিসা ইস্যুর ব্যাপারেও ধর্ম উপদেষ্টাকে আশ্বস্ত করেন। এছাড়া, রূট টু মক্কা কর্মসূচির আওতায় ২০২৩ ও ২০২৪ সালে হজযাত্রীদের বেশ কিছু লাগেজ হারিয়ে যাওয়ার ব্যাপারেও মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়ে ধর্ম উপদেষ্টাকে আশ্বাস দেন।
এবছর সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় থেকে প্রতি এজেন্সীকে কমপক্ষে দুই হাজার হাজি প্রেরণের কোটা নির্ধারণ করা হয়।
এ ব্যাপারে ধর্মী উপদেষ্টা ২০২৪ সালের অনুরূপ এজেন্সি প্রতি দুইশত পঞ্চাশ জন কোটা পুনঃনির্ধারণের অনুরোধ জানালে সৌদি মন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।
এসআর



