
রবিবার এবং সোমবার দুই দিন ধরে বন্ধ থাকার পর চালু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে এবং সীমিত আকারে ইনডোর সেবাও চালু থাকবে।
মঙ্গলবার থেকে যে হাসপাতালের জরুরি বিভাগ যে চালু হবে, সে কথা সোমবারই জানিয়ে দিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকরা।
সোমবার বিকালে ঢামেকের প্রশাসনিক ভবনের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষে নিউরো সার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. আব্দুল আহাদ এ ঘোষণা দেন।
শনিবার চিকিৎসায় অবহেলায় এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে।
সে ঘটনার প্রতিবাদে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন।
পরবর্তীতে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে আন্দোলনকারী চিকিৎসকদের বৈঠক হয় এবং তারপর তারা ‘শর্তসাপেক্ষে’ চিকিৎসা সেবা চালু রাখার সিদ্ধান্তের কথা জানান।
তাদের শর্ত হল দু’টি – দোষীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা এবং হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়ন করে স্বাস্থ্য পুলিশ চালু করা।



