‘তিস্তা প্রকল্পে যাদের প্রস্তাব লাভজনক, সেটিই বিবেচনা’

দিল্লি সফর অত্যন্ত ফলপ্রসু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও নতুন মাত্রায় পৌঁছেছে।
মঙ্গলবার (২৫ জুন) গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ভারতকে রেল ট্রানজিট দেয়ার মাধ্যমে এইসব অঞ্চলে বাংলাদেশেরও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে। তিস্তা প্রকল্পের ক্ষেত্রে, দেশের জনগণের স্বার্থে যে প্রস্তাব অধিক লাভজনক ও উপযোগী হবে- সেটি গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনের শুরুতেই লিখিত বক্তব্যে, ভারত সফরে বাংলাদেশের অর্জন তুলে ধরেন সরকারপ্রধান। বলেন, এবারের সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে পারষ্পারিক সহযোগিতায় নতুন মাত্রা যুক্ত করেছে, যা সুদুরপ্রসারী অগ্রগতির জন্য কাজে আসবে।
ভারতের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থা উন্মুক্তকরণ সংক্রান্ত চুক্তি নিয়ে সমালোচনাকারীদের জবাব দিয়ে এসময়ে প্রধানমন্ত্রী বলেন, রেলপথ ব্যবহারের ফলে আমাদের এসব এলাকার ব্যবসা-বাণিজ্য সহজ হচ্ছে। এ প্রসঙ্গে ইউরোপের দেশগুলোর মধ্যকার রেল কানেকটিভিটির উদাহরণও দেন সরকারপ্রধান।
এছাড়াও, তিস্তা প্রকল্প নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তিস্তা নদীর সংরক্ষণ ও ব্যবস্থাপনার মহাপরিকল্পনা নিয়ে চীন ও ভারতের মধ্যে যাদের প্রস্তাব বেশি লাভজনক হবে, সেটাই বাংলাদেশ গ্রহণ করবে।
এসআর



