Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আবহাওয়া

রাজধানীতে ঝড়বৃষ্টি থাকবে কালও

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে সোমবার সকাল থেকে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়া আজ সারা রাত এবং আগামীকাল মঙ্গলবারও অব্যাহত থাকবে।

টানা বৃষ্টিতে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় পানি জমে মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি রোববার রাতে উপকূলে আঘাত হানার পর সেটি শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি এখন স্থল নিম্নচাপ হিসেবে যশোরে অবস্থান করছে। এর একটি অংশ ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের ওপরে অবস্থান করছে। এর প্রভাবেই ঢাকায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত ঢাকায় ১২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে ঢাকায় এটাই সবচেয়ে বেশি বৃষ্টিপাত।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঢাকায় ভোর থেকে দমকা হাওয়া বইছে। আগামীকাল পর্যন্ত থেমে থেমে ঝোড়ো বাতাস অব্যাহত থাকার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, ঢাকায় সবচেয়ে বেশি বেগে দমকা হাওয়া বয়ে গেছে সোমবার সকাল ছয়টার দিকে, ঘণ্টায় ৫৯ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক মো. শামীম আহসান বিকালে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপ হিসেবে আগামীকালের পর সিলেটের ওপর দিয়ে দেশের বাইরে চলে যাবে। এটি ওপরে উঠে এবং এর প্রভাবে উজানে ভারতের আসাম ও মিজোরামে বৃষ্টি ঝরবে।

ঘূর্ণিঝড়টি রোববার রাত আটটার দিকে মোংলার দক্ষিণ–পশ্চিমের পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী এলাকা দিয়ে উপকূল অতিক্রম শুরু করে।

বাংলা টিভি / এমএএইচ

সংশ্লিষ্ট খবর

Back to top button